নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেড়িবাঁধের রাস্তার ঢালু থেকে রতন মিয়া (৪০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার(১৭ জুন) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
নিহত রতন উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তানসহ কাঁচপুর নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি একটি ওয়ার্কশপে কাজ করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকার রাস্তার পাশে মঙ্গলবার সকালে স্থানীয়রা এক ব্যক্তির গলাকাটা অবস্থায় লাশ পরে থাকতে দেখে তালতলা ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এলাকাবাসী জানায়, অন্য কোথাও হত্যার পর লাশটি ওখানে ফেলে যেতে পারে দুর্বৃত্তরা।
তলতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আব্দুল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।