ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে মিরপুর-১১ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
দুপুরের দিকে মিরপুরের বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীদের অবস্থান ঘিরে পুলিশের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
এদিকে সংঘর্ষ চলাকালে মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আন্দোলনকারীদের একটি অংশ গাড়িটির কাছে গিয়ে অগ্নিসংযোগ করে। পরে গাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ও বিক্ষোভের কারণে মিরপুরের কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়। সাধারণ মানুষ ও যাত্রীদের চলাচলেও বিঘ্ন ঘটে।
শ্রমিকদের মূল দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। এ দাবিতে সকাল থেকেই মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থল ছেড়ে সড়কে অবস্থান নেন। তাদের বিক্ষোভকে কেন্দ্র করেই দিনভর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এসএস