মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
সিইসি নাসির উদ্দিন বলেন, 'আমাদের একটাই এজেন্ডা, জাতিকে একটি ক্রেডিবল নির্বাচন উপহার দেওয়া। ভালো নির্বাচন আমাদের দায়িত্ব, কিন্তু এর জন্য সবার সহযোগিতা অপরিহার্য।'
অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে তিনি পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের ‘সহযোগী’ হিসেবে কাজ করার আহ্বান জানান। ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি।
নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে সিইসি বলেন, 'পর্যবেক্ষক হিসেবে যাদের মাঠে পাঠানো হবে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকেন, এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।'