ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ঢাকা-১৮ আসনের উত্তরখান ও দক্ষিণখান থানার বিভিন্ন এলাকায় ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-১৮ আসনে জামায়াত–এনসিপিসহ ১০ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সরেজমিনে দেখা যায়, ক্যারাভ্যানের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে। এ সময় প্রচারণার অংশ হিসেবে গাড়িতে শাপলা কলি প্রতীক ব্যবহার করা হয় এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গান পরিবেশন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। পথে পথে মানুষ থেমে ক্যারাভ্যানের প্রচারণা লক্ষ্য করেন এবং অনেককে ইতিবাচক সাড়া দিতে দেখা যায়।
এর আগে উদ্বোধনী বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতেই আমরা ১০ দল নিয়ে “ঐক্যবদ্ধ বাংলাদেশ” জোট গঠন করেছি। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে জনমত গড়ে তুলতে প্রচারণা চালাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আর সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আসন্ন নির্বাচনে ১০ দলীয় জোটকে বিজয়ী করতে হবে এবং গণভোটে “হ্যাঁ”-কে জয়ী করতে হবে।’
তিনি আরও বলেন, ‘গণভোটে “হ্যাঁ” ভোট জয়ী হলে কেউ চাইলেই আর স্বৈরাচার হতে পারবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে জনতার। সে লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’