গণভোটের প্রচারে নির্বাচন কমিশনকেও মাঠে নামতে হবে: উপদেষ্টা সাখাওয়াত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

জুলাই জাতীয় সনদের ওপর গণভোট নিয়ে জনগণকে বোঝানোর কাজটি শুধু অন্তর্বর্তী সরকার করলে নানা প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা সরকার দেবে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর তোপখানা রোডে সিরডাপের এ টি এম শামসুল হক মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘গণভোট: ২০২৬: কী ও কেন?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো আগের মতোই চলতে চায়, নাকি পরিবর্তন চায়—এটা স্পষ্ট নয়। যেসব বড় দল ক্ষমতায় যেতে পারে বলে মনে হচ্ছে, তাদের কাছ থেকেও সে ধরনের অঙ্গীকার শোনা যাচ্ছে না। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে একটি বড় বিপর্যয় দেখেছে, যেখানে একটি শক্তিশালী সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। রাষ্ট্রীয় কাঠামো, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেঙে পড়ে এবং সবকিছু একটি বিভ্রমের ওপর দাঁড়িয়ে ছিল। সে সময় ভিন্নমত প্রকাশ করলে গুম, খুন, কারাবরণ কিংবা সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা ছিল।

তিনি প্রশ্ন তোলেন, এখন দেশ আবার সেই অবস্থায় ফিরতে চায় কি না। গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ, ভোটকেন্দ্র দখল কিংবা ওপর থেকে চাপিয়ে দেওয়া পরিকল্পনার পুনরাবৃত্তি হবে কি না, তা ভেবে দেখার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

আগের অবস্থায় না ফিরতে চাইলে ব্যবস্থায় পরিবর্তন জরুরি উল্লেখ করে উপদেষ্টা বলেন, সে জন্যই গণভোটে সংস্কারের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এই সংস্কার বাস্তবায়ন নির্ভর করবে ভোটারদের ওপর। নির্বাচনের আর এক মাস বাকি থাকলেও গণভোট নিয়ে সরকারের পক্ষ থেকে সীমিত প্রচার চোখে পড়ছে বলে তিনি মন্তব্য করেন।

২০০৭ সালে সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশনার হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে এম সাখাওয়াত হোসেন বলেন, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুধু সরকারের নয়, নির্বাচন কমিশনেরও দায়িত্ব। ভোটের পাশাপাশি গণভোট কী এবং কীভাবে হবে, তা জনগণকে বোঝাতে নির্বাচন কমিশনকে মাঠে নামার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এই কাজ শুধু সরকার করলে নানা কথা উঠবে, তাই নির্বাচন কমিশনের পাশাপাশি অন্যদের সহযোগিতা নেওয়াও প্রয়োজন।

তিনি নাগরিক সংগঠনগুলোকেও নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানান এবং বলেন, ভবিষ্যতে যেন অতীতের মতো শাসনব্যবস্থা ফিরে না আসে, সে জন্য সম্মিলিত উদ্যোগ জরুরি। সরকার প্রচার চালাচ্ছে, নির্বাচন কমিশনকেও গণভোট নিয়ে মাঠে নামতে হবে।

উপদেষ্টা সাখাওয়াত সুজনকে ২০০৭ সালের মতো জেলায় জেলায় গিয়ে প্রচার চালানোর আহ্বান জানান। তিনি বলেন, গণভোটের বিষয়টি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সুজনের মতো সংগঠনের ভূমিকা অপরিহার্য এবং এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাও আরও জোরালো হওয়া প্রয়োজন।

বৈঠকে সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার উপদেষ্টার বক্তব্যের জবাবে বলেন, ২০০৭-০৮ সালের মতো করেই এবারও প্রচার চালানো হচ্ছে। তরুণ ও নারীদের সম্পৃক্ত করার চেষ্টা চলছে এবং গণভোট তাদের অস্তিত্বের সঙ্গে যুক্ত হওয়ায় তারা এ উদ্যোগে অবিচল থাকবেন।

আলোচনার শুরুতে বদিউল আলম মজুমদার বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও স্বৈরাচারী ব্যবস্থা রেখে গেছেন। সেই কাঠামো ভাঙতে সংস্কার প্রয়োজন, যাতে আবারও দানবীয় শাসন ফিরে না আসে। এ কারণেই সংবিধানের মৌলিক সংস্কারের জন্য গণভোটের আয়োজন করা হয়েছে, যদিও এ নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার রয়েছে।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দফা আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে, যার ভিত্তিতে জুলাই সনদ তৈরি হয়েছে। এর মধ্যে ৪৮টি বিষয় সংবিধান সংস্কারসংক্রান্ত, যেগুলোর জন্য সংবিধান পরিবর্তন প্রয়োজন, আর বাকিগুলো অধ্যাদেশ বা নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব।

তিনি জানান, সংবিধান সংস্কারের ৪৮টি প্রস্তাবের ওপর গণভোট হবে এবং ব্যালটে একটিই প্রশ্ন থাকবে—হ্যাঁ অথবা না। সংস্কারের পক্ষে থাকলে হ্যাঁ ভোট দিতে হবে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করায় তা মানতে তারা বাধ্য বলেও তিনি উল্লেখ করেন।

গণভোটে হ্যাঁ না না—কোন অবস্থানে রাজনৈতিক দলগুলো আছে, তা স্পষ্ট করার আহ্বান জানান বদিউল আলম মজুমদার। তিনি আশা প্রকাশ করেন, দলগুলো তাদের অঙ্গীকার অনুযায়ী গণভোট নিয়ে জনগণকে সচেতন করতে কার্যক্রম চালাবে।

বৈঠকে অংশ নিয়ে চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ বলেন, রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই প্রান্তিক ভোটারদের কাছে বার্তা পৌঁছাতে হবে। তিনি বলেন, গ্রামীণ নিরক্ষর নারীদেরও বোঝাতে হবে যে, তাদের অস্তিত্ব ও ক্ষমতা প্রকাশের জন্য হ্যাঁ-না ভোট দেওয়ার সুযোগ এসেছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদই ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকানোর পথনির্দেশ। এটি বাস্তবায়ন করা না গেলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে।

সুজনসহ বিভিন্ন নাগরিক সংগঠনের জেলা পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়ে প্রশ্ন ও মতামত দেন। সুজনের সহসভাপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন বৈঠকে সভাপতিত্ব করেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের নিজেদের অঙ্গীকার রক্ষা করতে হবে এবং সংস্কার না হলে জনগণ আবারও ফ্যাসিবাদের মুখে পড়তে পারে—এ বিষয়টি জোরালোভাবে প্রচার করতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. টিসিবির কার্যক্রম ডিজিটালে গেলেই বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে: বাণিজ্যমন্ত্রী সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. টিসিবির কার্যক্রম ডিজিটালে গেলেই বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে: বাণিজ্যমন্ত্রী সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩