তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক শরীফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনকে ভীত ও দুর্বল করতে এবং মানুষকে ভয় দেখাতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। তবে ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাধ্যমে এসব হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক হামলার যথাযথ জবাব দেবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় রয়েছে। এই সমন্বয় না থাকলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারত।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিকৃত তথ্যের মাধ্যমে যেন কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণতন্ত্র চর্চায় গণমাধ্যম ঐতিহাসিকভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। তবে জুলাই আন্দোলনের সময় সেই ধারাবাহিকতায় ব্যত্যয় ঘটেছে। সঠিক তথ্য প্রচার করা যায়নি—কখনো পারেনি, কখনো করতে দেওয়া হয়নি।
তিনি বলেন, তথ্য হতে হবে অবাধ ও বস্তুনিষ্ঠ, বিকৃত নয়। সরকার শক্তিশালী ও গণমুখী গণমাধ্যম দেখতে চায়। তথ্যের খণ্ডিত বা বিকৃত উপস্থাপন যেন না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।