স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য তৈরি হয়েছে, তা আরও শক্তিশালী হবে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের আলোচনা ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। বৈঠকে জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা গুরুত্ব পেয়েছে। তাঁর মতে, আলোচনার মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের মানুষের সম্মিলিত অবস্থানের বিষয়টিও উঠে এসেছে।
তিনি আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিদ্যমান ঐক্য ধরে রাখার পাশাপাশি তা আরও বিস্তৃত ও সুদৃঢ় করার প্রত্যাশা রয়েছে।
এর আগে সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই মতবিনিময়। আলোচনা শেষে এনসিপির প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে অংশ নেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার ধারাবাহিকতায় এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/এজে