ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, আবার দেশের বাইরেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাদি হত্যাকাণ্ডের মূল আসামি কোথায় রয়েছে—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবস্থান জানা থাকলে তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হতো। তিনি বলেন, নির্দিষ্ট তথ্য না থাকায় নিশ্চিত করে বলা যাচ্ছে না সে কোথায় আছে, তবে দেশেও থাকতে পারে কিংবা দেশের বাইরেও থাকতে পারে।
আসামি বিদেশে পালিয়ে থাকলে তা বৈধ পথে নয় বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সে বৈধ পথে দেশ ত্যাগ করেনি। অবৈধভাবে গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
হাদির হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ ঘটনায় জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মূলহোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, তার মা-বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ ও শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান।
নিজের পদত্যাগ নিয়ে সারাদিন গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি পদত্যাগ করলে আর এখানে বসে কথা বলতেন না।
দেশে নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জন রাজনীতিবিদকে একজন করে গানম্যান দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যাদের হিটলিস্টে রয়েছে বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো—ডিজিএফআই, এনএসআই ও এসবি—সমন্বয় করে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা তৈরি করেছে এবং সে অনুযায়ী গানম্যান দেওয়া হয়েছে। তবে কেউ কেউ গানম্যান নিতে আগ্রহী ছিলেন না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে সব বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।