সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এ সময় আদালত প্রাঙ্গণে তার সমর্থকদের বিক্ষোভ দেখা যায়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। অভিযোগ অনুযায়ী, এই চক্রের নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পরিচিতি পাওয়া তাহরিমা জান্নাত সুরভী।
এ ঘটনায় গত বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযোগে বলা হয়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয়। মামলার আসামি করা, পুলিশি হয়রানি ও গ্রেফতারের ভয় দেখানো এবং মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়।
তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড ও লক্ষ্যভিত্তিক লাইভের কারণে তিনি পরিচিত মুখ।