বার্তাসংস্থা এএফপি জানায়, দুই দেশের সদ্য ঘোষিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার অংশ হিসেবে শুক্রবার এ সিদ্ধান্তে সই করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে বলা হয়েছে, ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে।
নির্বাহী আদেশে আরও উল্লেখ করা হয়, ভারত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য কিনবে এবং আগামী ১০ বছর ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে একটি রূপরেখা প্রণয়নের ব্যাপারেও সম্মত হয়েছে।
শনিবার মার্কিন স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়া হয়। নতুন চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে। তবে এই শুল্ক হ্রাস ধাপে ধাপে কার্যকর করা হবে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ট্রাম্প ও মোদির ঘনিষ্ঠ সম্পর্ককে আরও দৃঢ় করল। বিভিন্ন সময় ট্রাম্প প্রকাশ্যে মোদিকে তাঁর ‘অন্যতম ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন। নতুন এই বাণিজ্যিক সমঝোতা সেই বন্ধুত্বেরই প্রতিফলন বলে মনে করছেন কূটনৈতিক মহল।