অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। পরবর্তী সময়ে তিনি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বছরের ২৭ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
রাষ্ট্রপতি মো. আসাদুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করায় আজ আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর ধারাবাহিকতায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেলের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।