শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (২৫ অক্টোবর) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি শুরু হবে।
শনিবার (২৪ অক্টোবর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী।
তিনি বলেন, ‘টানা নয় দিনের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এ সময়ে ক্যাম্পাসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমরা সুষ্ঠুভাবে ছুটি সম্পন্ন করতে পেরেছি। আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম যথারীতি শুরু হবে।’
এদিকে, দীর্ঘ বিরতির পর আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীরা ধীরে ধীরে ফিরছেন নিজেদের হল, মেস ও চেনা প্রাঙ্গণে। ক্যাম্পাসজুড়ে দেখা যাচ্ছে পরিচিত মুখ। প্রিয় সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
সদ্য সংবাদ/এআর