নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর পুরান ঢাকায় প্রতিবাদ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের অনুসারীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এটি কোর্ট এলাকা ও রায়সাহেব বাজার মোড় হয়ে তাঁতীবাজার মোড় অতিক্রম করে ধোলাইখাল ঘুরে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে যুবদলের মহানগর দক্ষিণ ও বিভিন্ন থানার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে আসাদুজ্জামান আসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের যেকোনো ধরনের অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের যুবসমাজ ও জনগণ কোনোভাবেই বরদাশত করবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে জনজীবনে আতঙ্ক সৃষ্টির যেকোনো চেষ্টার বিরুদ্ধে যুবসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে।
আসলাম আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা রোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।
বক্তব্যের শেষে আসাদুজ্জামান আসলাম দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে সচেতন নাগরিক, যুবসমাজ ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ এরআর