আসন্ন ডিসেম্বর ঘিরে চট্টগ্রাম রেঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা নাশকতার কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই বলে জানিয়েছেন নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিআইজি বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই এখানে নতুন করে সন্ত্রাস সৃষ্টি হতে দেব না। অপরাধীদের আশ্রয় নেওয়ার সুযোগও দেওয়া হবে না। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখব। এটাই আমাদের কাজ।’
তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর এলাকার মানুষ এখন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছেন। তাঁদের দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে। এরপরও কারও কোনো সমস্যা থাকলে তা শুনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায়। মানুষের যেন কোনো সমস্যা বা ক্ষতি না হয়, সেটিই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।
এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সেগুলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তবে সবকিছুর ঊর্ধ্বে জনগণের স্বার্থ ও মানুষের কল্যাণকে গুরুত্ব দিতে হবে। রাস্তা নির্মাণের আগেই এলাকায় পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত, জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ এবং শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
তিনি বলেন, জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির সুযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট হয়ে বসে থাকতে চান না তাঁরা। আরও ভালো করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
ফটিকছড়িতে সাম্প্রতিক সন্ত্রাসী তৎপরতা ও অস্ত্র উদ্ধারের বিষয়ে ডিআইজি বলেন, সেখানে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে সব অস্ত্র উদ্ধার হয়েছে, এমন দাবি করছে না পুলিশ। এটি একটি চলমান প্রক্রিয়া। অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে। তথ্য দিলে যথাযথভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
আলোচিত সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। চট্টগ্রামের পুলিশ সুপার বিষয়টিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে ওই সন্ত্রাসীর সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতাকেও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চার দশক ধরে সরকারি পাহাড় কেটে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো সেখানে পাহাড় কেটে প্লট বাণিজ্য চলছে। এসব দখল ও বাণিজ্য নিয়ন্ত্রণে এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এসব বাহিনীর সদস্যরা এলাকাটি সশস্ত্র পাহারায় রাখেন। বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্রের ব্যবস্থা। বাসিন্দা ছাড়া বাইরের লোকজনের প্রবেশে বাধা দেওয়া হয়। এমনকি সাংবাদিক, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও সেখানে প্রবেশ করতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন।
সদ্য সংবাদ/ এরআর