নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধের পাশাপাশি ঘরে-বাইরে ও অনলাইন জগতে নারীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বানের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২৬।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক কল্যাণ সংস্থা (এসকেএস) এবং দুর্বার নেটওয়ার্ক, ঠাকুরগাঁও জেলা ও নারীপক্ষের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’।
দিবসটি উপলক্ষে সকালে সালন্দর ইউনিয়ন পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক প্রদক্ষিণ করে এসকেএসের প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০০ জন অংশ নেন। র্যালি শেষে লিফলেট বিতরণ করা হয়।
পরে এসকেএসের প্রধান কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উদিতি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছা. আকলিমা সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীরা নানা ধরনের হয়রানি, সাইবার বুলিং ও ডিজিটাল সহিংসতার শিকার হচ্ছেন। এসব প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষার উদ্যোগ শুরু হতে হবে পরিবার থেকেই। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাঁদের ন্যায়বিচার ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
আলোচনা সভা থেকে নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এসকেএসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ এরআর