রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষ। অবরোধের কারণে জনজীবন, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দাবি করে অবিলম্বে অবরোধ প্রত্যাহার এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাজেক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দাড়িপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১১ অক্টোবর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি নামে দুটি সংগঠন গঠন করে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। পরে ২৬ অক্টোবর রাঙামাটি ও খাগড়াছড়ির সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা সাজেকে গিয়ে অবরোধকারী সংগঠন দুটির নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে অবরোধকারীরা আগের তিন দফা দাবির পরিবর্তে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে চারটি দাবি সরকার ও প্রশাসনের পক্ষ থেকে মেনে নেওয়া হলেও জেএসএসের (সন্তু লারমা গ্রুপ) সশস্ত্র সদস্যদের দ্রুত সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিটি অমীমাংসিত থাকায় অবরোধ প্রত্যাহার করা হয়নি বলে বক্তব্যে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ১০ নভেম্বর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক বিবৃতির মাধ্যমে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এবং সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সঙ্গে সড়ক অবরোধের প্রতিবাদ জানিয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণাও দেন তিনি। তবে এরপরও সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, সাজেকে ৫০টির বেশি গ্রাম রয়েছে। এসব গ্রামের হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা গঙ্গারাম বাজার, উজো বাজার ও মাচালং বাজারসহ বিভিন্ন ছোট-বড় বাজারের ওপর নির্ভরশীল। সড়ক অবরোধের কারণে এসব এলাকার মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি ওষুধ সংগ্রহ করতে পারছেন না। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষ চরম আর্থিক সংকটে পড়েছেন। এমনকি জরুরি প্রয়োজনে যাতায়াত ও চিকিৎসাসেবা গ্রহণেও ভোগান্তি পোহাতে হচ্ছে।
লিখিত বক্তব্যে গত ৭ নভেম্বর উপযুক্ত চিকিৎসার অভাবে ওয়ারেন্টি ত্রিপুরা (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনাকে অবরোধজনিত সংকটের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। এ ছাড়া গত ১২ নভেম্বর সাজেক বনানী বৌদ্ধবিহারের সামনে ইউপিডিএফের কর্মীরা ১১ জনের ১১টি মোটরসাইকেলের তার কেটে দিয়ে তাঁদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন বলেও অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাঘাইহাট, বাইবাছড়া, তালে বাইবাছড়া, চামনীছড়া ও গঙ্গারাম এলাকার সাধারণ মানুষ অবরোধের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবরোধে সাধারণ মানুষকে অংশ নিতে বাধ্য করা, পিকেটিংয়ে যেতে চাপ প্রয়োগ, ছবি তুলে হয়রানি এবং হুমকি দেওয়ার মতো অভিযোগও তোলা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, সাজেকের সাধারণ মানুষের সঙ্গে চলমান সড়ক অবরোধের কোনো সমর্থন নেই। তাঁদের ভাষ্য, কতিপয় ব্যক্তি ইউপিডিএফের মদদ ও প্ররোচনায় নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনদুর্ভোগ সৃষ্টি করে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাঁরা আরও দাবি করেন, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি, সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি ও সাজেক সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটি নামে কয়েকটি সংগঠনের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। এসব সংগঠন ইউপিডিএফের নির্দেশনা ও সহযোগিতায় পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
সাজেক এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে অবিলম্বে জনদুর্ভোগ সৃষ্টিকারী সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক সড়ক যোগাযোগ ও জনসাধারণের চলাচল নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং অবরোধের নামে হয়রানি ও হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের শেষে সাজেক এলাকার কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষ জানান, শিগগিরই সংকটের সমাধান না হলে তাঁরা কঠোর আন্দোলনে যাবেন।
সদ্য সংবাদ/ এরআর