‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬ ২৩:০২:১২
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় মামলা করার পর বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে মুঠোফোনে তাঁকে হুমকি দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর শনিবার ভোরে প্রতিষ্ঠানটির দুটি কাভার্ড ভ্যান ভাঙচুর করা হয়েছে। চার দিনের মধ্যে প্রতিষ্ঠানটিতে দ্বিতীয়বার হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান কার্যালয়ের সামনের সড়কের পাশে রাখা ছিল। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে পাঁচটি মোটরসাইকেলে করে ১০ থেকে ১৫ জন সেখানে এসে ভ্যান দুটির সামনের কাচ ভাঙচুর করেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিকদার মেডিকেল কলেজের পাশে অবস্থিত এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা চালানো হয়। হামলাকারীরা প্রথমে আশপাশের বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেন। এরপর দেয়াল টপকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখান। মুখোশ ও হেলমেট পরা হামলাকারীরা গুদামের ক্যামেরা এবং ভিডিও সংরক্ষণের যন্ত্র ডিভিআর খুলে নিয়ে যান। এ সময় কার্যালয়ের আসবাব ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকটি ল্যাপটপ লুট করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, ওই হামলায় প্রায় ৩১ লাখ টাকার পণ্য খোয়া গেছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আফসার উদ্দিন বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন। পুলিশ ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। তবে মামলা করার পর শুক্রবার রাত ১১টার দিকে মুঠোফোনে আফসার উদ্দিনকে হত্যার হুমকি দেওয়া হয়। হুমকিদাতা শনিবারের মধ্যে সমঝোতা না করলে তাঁকে হত্যা করা হবে বলে ভয় দেখান। এর পরপরই শনিবার ভোরে কাভার্ড ভ্যান দুটি ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের অভিযোগ, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের অনুসারী হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁদের দাবি, দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির ভিত্তিতে জমিটি ভাড়া নিয়েছিল এজেআর কুরিয়ার সার্ভিস। এখন শিকদার গ্রুপকে ভাড়া না দিয়ে ইমনকে অর্থ পরিশোধের জন্য হুমকি দেওয়া হচ্ছে।

আফসার উদ্দিনকে দেওয়া হুমকির একটি অডিও পুলিশের কাছে রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছেও কথোপকথনটির রেকর্ড রয়েছে বলে জানা গেছে। অডিওতে হুমকিদাতাকে প্রথমে সালাম দিয়ে মামলার বাদী হওয়া নিয়ে আফসার উদ্দিনের সঙ্গে কথা বলতে শোনা যায়।

কথোপকথনের একপর্যায়ে আফসার উদ্দিন জানতে চান, তিনি কোন মামলার কথা বলছেন। তখন অপর প্রান্তের ব্যক্তি তাঁকে পাল্টা প্রশ্ন করেন, বিষয়টি তিনি বুঝতে পারছেন না কেন। এরপর ওই ব্যক্তি অশ্লীল ভাষায় গালাগাল শুরু করেন এবং শনিবারের মধ্যে যোগাযোগ করে সমঝোতার ব্যবস্থা না করলে লাশ ফেলে রাখার হুমকি দেন।

হুমকিদাতার পরিচয় জানতে চাইলে তিনি আফসার উদ্দিনকে গালাগাল করে বলেন, শনিবার পর্যন্ত সময় দেওয়া হলো। এর মধ্যে তাঁর ‘বাপের সঙ্গে কথা বলে’ ঝামেলা মিটিয়ে নিতে হবে। অন্যথায় সবার আগে তাঁর লাশ পড়ে থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আফসার উদ্দিন আবারও পরিচয় জানতে চাইলে হুমকিদাতা প্রশ্ন করেন, কে ফোন করতে পারে, তা তিনি জানেন না কি না। ব্যবস্থাপক জানান, তিনি প্রতিষ্ঠানটির মালিক নন। তখন অপর প্রান্ত থেকে প্রশ্ন করা হয়, মালিক না হলে তিনি মামলার বাদী হলেন কীভাবে। এরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

একের পর এক হামলা ও হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আফসার উদ্দিন বলেন, ‘পরপর এভাবে হত্যার হুমকি ও সন্ত্রাসী হামলার কারণে আমি ও এজেআরের অন্য কর্মীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। রাষ্ট্রের কাছে আমরা নিরাপত্তা চাই।’

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, বাদীর সঙ্গে হুমকিদাতার কথোপকথনের অডিও তাঁদের হাতে এসেছে। সেটি যাচাই করা হচ্ছে এবং হুমকির বিষয়টিও মামলার তদন্তে অন্তর্ভুক্ত করা হচ্ছে। কাভার্ড ভ্যান ভাঙচুরের ঘটনাটি সম্পর্কেও পুলিশ অবগত রয়েছে। জড়িত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। সূত্র: প্রথম আলো

সদ্য সংবাদ/এআর

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড