রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে মারুফ ওরফে দুখু মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসা গেট এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মারুফকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত পৌনে ৮টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মারুফের খালাতো বোন বিথী আক্তার জানান, মারুফ তাঁর মা সেলিনা বেগমের সঙ্গে ধলপুর সিটি পল্লীতে থাকতেন। এক বছর আগে মিম আক্তার নামে এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। মারুফের বাবা আব্দুর রশীদ অনেক আগেই মারা গেছেন। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ ছিলেন সবার ছোট। তিনি দয়াগঞ্জের একটি অ্যালুমিনিয়ামের পাতিল তৈরির কারখানায় কাজ করতেন।
বিথী আক্তার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরেন মারুফ। কিছুক্ষণ পর অল্প সময়ের জন্য বাইরে যাওয়ার কথা স্ত্রী মিমকে জানান তিনি। পরে লোকমুখে ওয়াসা গেট এলাকায় গুলির ঘটনার খবর পান স্বজনেরা। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, মারুফের বুকের ডান পাশে গুলি লেগেছে। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, এলাকায় মারুফের কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। তবে কারা তাঁকে গুলি করেছে, সে বিষয়ে তাঁরা কিছু জানাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মারুফের বুকের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
সদ্য সংবাদ/ এআর