মাদারীপুরে পৃথক বিশেষ অভিযান চালিয়ে মানবপাচার মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এর মধ্যে রাজৈর থেকে মানবপাচার চক্রের সদস্য এনামুল মাতুব্বর (৩০) এবং সদর উপজেলার পাঁচখোলা জাজিরা এলাকা থেকে মানবপাচার মামলার পলাতক আসামি আসমা বেগমকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ১৪ আগস্ট ২০২৬ মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে রাজৈর থানার মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করে। তিনি রাজৈর উপজেলার বদরপাশা উত্তরপাড়ার এসাহাক মাতুব্বরের ছেলে।
মামলার অভিযোগ অনুযায়ী, ইতালিতে স্পন্সর ভিসায় পাঠিয়ে উচ্চ বেতনে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ২২ লাখ টাকা ও পাসপোর্ট নেওয়া হয়। পরবর্তীতে গত ৭ জানুয়ারি ২০২৬ ভুক্তভোগীকে ইতালির পরিবর্তে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে এনামুল মাতুব্বর তাকে গ্রহণ করে পরে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, লিবিয়ায় ভুক্তভোগীকে আটক রেখে শারীরিক নির্যাতন করা হয় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। তাকে মুক্ত করতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আরও প্রায় ২০ লাখ টাকা দেওয়া হয়। পরে ভুক্তভোগী কৌশলে ওই চক্রের কাছ থেকে পালিয়ে লিবিয়ায় IOM-এর সহায়তা নেন এবং গত ২৮ এপ্রিল ২০২৬ বাংলাদেশে ফিরে আসেন।
এ ঘটনায় রাজৈর থানায় নিয়মিত মামলা দায়েরের পর তদন্তের ভিত্তিতে এনামুল মাতুব্বরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার পিসিপিআর যাচাই করে আরও একটি মানবপাচার মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, ১৩ আগস্ট ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচখোলা জাজিরা এলাকা থেকে মানবপাচার মামলার পলাতক আসামি আসমা বেগম (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার শাহ আলম খাঁর স্ত্রী।
মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যা, মাদক, সন্ত্রাস, মানবপাচার, কিশোর গ্যাং, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসআর