ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে কাজল মিয়া (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার সাতমোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নলোয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাজল মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার থানার হাসনাবাদ পশ্চিমপাড়া এলাকার ফরিদ মিয়া ও পারুল বেগমের ছেলে। তাঁর ডাকঘর পান্ডুঘর।
স্থানীয়রা জানান, গতকাল রাতে নলোয়ার পাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরি করতে কাজল মিয়া ঢুকেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে গরুচোর ঢোকার ঘোষণা দেওয়া হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে গরুসহ আটক করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/এসআর