নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ, বাড়িতে বাড়তি নিরাপত্তা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ ১৬:২৮:০০
ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের রায় আজ সোমবার (২৪ আগস্ট) ঘোষণা করবেন হাইকোর্ট। বহুল আলোচিত এ মামলার রায়কে ঘিরে নুসরাতের পরিবারের বাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

সোনাগাজী মডেল থানা পুলিশ জানিয়েছে, নুসরাতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়িতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আগে সেখানে নিয়মিত দুইজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও বর্তমানে আরও সাতজন সদস্য বাড়তি নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও বাড়ানো হয়েছে নজরদারি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, রায়কে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি বা অপ্রীতিকর পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নুসরাতের বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এতে পরিবারের সদস্যরাও স্বস্তি প্রকাশ করেছেন।

তবে নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, রায়কে ঘিরে তারা কিছুটা উদ্বেগের মধ্যে রয়েছেন। তার প্রত্যাশা, বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টেও বহাল থাকবে এবং হত্যাকাণ্ডে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে পার পাওয়ার সুযোগ পাবে না। বাড়তি নিরাপত্তা দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

২০১৯ সালের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসায় গিয়ে হামলার শিকার হন নুসরাত। অভিযোগ রয়েছে, যৌন নিপীড়নের মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় তাকে মাদরাসার একটি ভবনের ছাদে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় নেওয়ার পর ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে নুসরাতের মা শিরীন আখতার মাদরাসাটির তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছিলেন। সেই মামলা প্রত্যাহারের জন্য নুসরাতের ওপর চাপ প্রয়োগের অভিযোগ ওঠে। পরে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় তার ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার রায়ে ১৬ আসামিকেই মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিরা পৃথকভাবে আপিল ও জেল আপিল করেন। এসব আবেদনের ওপরই হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হয়।

গত ২০ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত আজ ২৪ আগস্ট রায়ের দিন নির্ধারণ করেন।

এর আগে নারী ও শিশু নির্যাতন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল ও অন্যান্য মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি গত ১০ জুন বিশেষ এই বেঞ্চ গঠন করেন। ১৪ জুন থেকে বেঞ্চটির কার্যক্রম শুরু হয়। নুসরাত হত্যা মামলার শুনানি শুরু হয় ২৮ জুলাই এবং ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর মোট ১৭ কার্যদিবস শুনানি হয়।

আজকের রায়ে বিচারিক আদালতের দেওয়া ১৬ আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, নাকি সাজায় কোনো পরিবর্তন আসবে- সেদিকেই তাকিয়ে নুসরাতের পরিবার, স্বজন ও স্থানীয়রা। দীর্ঘ প্রতীক্ষার পর হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির