জয়পুরহাটের আক্কেলপুরে অন্যের বাড়ি দখলের অভিযোগ ওঠায় রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে তার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। পরে এ-সংক্রান্ত একটি আদেশের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দলীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগ ওঠার পর বিষয়টি বিএনপির স্থানীয় নেতাদের নজরে আসে। এর আগে গত ২১ জুলাই মিজানুর রহমানকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়েও তিনি বাড়িটি খালি না করায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে মিজানুর রহমানের সব ধরনের বিএনপি পদ ও সদস্যপদ বাতিল করা হয়েছে।
এদিকে বাড়ি দখলের অভিযোগ নিয়ে এর আগে আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম। তার অভিযোগ অনুযায়ী, রায়কালী গ্রামের প্রায় চার শতক জমির ওপর নির্মিত দোতলা বাড়িটি ২০২৪ সালের ৫ আগস্টের পর বেলাল হোসেন ও তার স্ত্রী ছেড়ে চলে যান। এরপর বাড়িটি মিজানুর রহমানের দখলে চলে যায় বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগের সঙ্গে একমত নন মিজানুর রহমান। তার দাবি, বাড়িটি যে জমির ওপর নির্মিত, সেটি তাদের পারিবারিক সম্পত্তি। তার ভাষ্য, ওই জমি দখল করে বেলাল হোসেন বাড়ি নির্মাণ করেছিলেন; পরে তারা নিজেদের সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন।
আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা মিজানুর রহমানের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের পরিচয় ব্যবহার করে কেউ অনিয়মে জড়ালে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, শাহনাজ বেগমের অভিযোগ পাওয়ার পর পুলিশ মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছিল। পরে সোমবার সকালে অভিযোগকারী তাকে জানিয়েছেন, মিজানুর রহমান বাড়িটি ছেড়ে দিয়েছেন।
সদ্য সংবাদ/এসএস