গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদসহ বেশ কয়েকটি দোকান ও গুদাম পুড়ে গেছে। আগুনে ঝুট ও তুলার গুদামের পাশাপাশি স্যানিটারি, মুরগি এবং ভাঙারির দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে আগুনের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, আগুন লাগার খবর পাওয়ার পর রাত ৩টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতির অবনতি হলে শ্রীপুরের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুনে বাজারের একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ঝুট ও তুলার গুদাম, একটি স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, একটি ভাঙারির দোকান এবং একটি মসজিদ।
কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সদ্য সংবাদ/এসএস