কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ পারাপার, পুশ-ইন, চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে স্থানীয়দের সতর্ক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ আগস্ট) সীমান্তের বিভিন্ন এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সচেতন করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এ কর্মসূচি পরিচালনা করে। এ সময় সীমান্ত এলাকার বাসিন্দাদের আইন মেনে চলার পাশাপাশি সন্দেহজনক গতিবিধির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
মাইকিংয়ে বলা হয়, অনুমতি ছাড়া কোনোভাবেই সীমান্ত অতিক্রম করা যাবে না। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত পারাপারে কাউকে সহায়তা বা আশ্রয় দেওয়া থেকেও বিরত থাকতে হবে। সীমান্তের কাছাকাছি এলাকায় অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক কোনো দলকে দেখা গেলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানোর অনুরোধ করা হয়।
এ ছাড়া সীমান্তের ওপার থেকে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা, পরিচয় গোপন করে কারও অবস্থান কিংবা পুশ-ইনের কোনো ঘটনা নজরে এলে দ্রুত নিকটবর্তী বিজিবি ক্যাম্প বা টহল দলের সদস্যদের অবহিত করতে বলা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে সীমান্ত এলাকায় না যাওয়ার পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের বাড়িতে আশ্রয় না দেওয়ার পরামর্শও দেওয়া হয়। মাদক, অস্ত্র, মানবপাচার ও চোরাচালানের মতো অপরাধের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। এ কারণে সীমান্তবাসীর মধ্যে সচেতনতা তৈরিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে অবৈধ পারাপার, পুশ-ইন, মাদক ও চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সীমান্ত অপরাধে জড়িত ব্যক্তি কিংবা এসব কর্মকাণ্ডে সহযোগিতাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সীমান্তবাসীকে যেকোনো সন্দেহজনক ঘটনা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস