বিরোধী দলের চলমান আন্দোলনের কারণে দেশের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার দাবি, আন্দোলন ও কর্মসূচির মধ্যে দেশকে আটকে রাখলে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। অন্য একটি রাজনৈতিক দল বিরোধী অবস্থানে থেকে নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা আন্দোলনের কর্মসূচি দিয়ে আসছে। এভাবে দেশ যদি সারাক্ষণ আন্দোলন-সংগ্রামের মধ্যে থাকে, তাহলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে।
তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় আন্দোলন করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার দাবি, সেই আন্দোলনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র রক্ষার পথ তৈরি হয়েছে। এখন দেশের অর্থনীতি ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার পাশাপাশি অর্জিত গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।
বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে এ্যানি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। জনগণের স্বার্থে এ ধরনের পরিস্থিতি কাম্য নয়। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপি ও দলের নেতৃত্বকে দুর্বল করার কোনো সুযোগ দেওয়া হবে না। এ ক্ষেত্রে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।
দেশের উন্নয়ন প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে বলে তিনি আশা করেন। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশকে স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও দেশের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কাজ করেছেন। বর্তমান সরকারের নেতৃত্বে আগামী পাঁচ বছর একইভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া গেলে মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতাকর্মীরা।
সদ্য সংবাদ/এসকে