জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মেলান্দহ পৌর শাখার সভাপতি মো. জাহিদ হাসান শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় শহরের বানাকুড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জাহিদ হাসান শেখ মেলান্দহ উপজেলার আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে বানাকুড়া এলাকায় ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত জাহিদ হাসান শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, জাহিদ হাসান শেখের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা রয়েছে। এছাড়া অন্য একটি মামলায় তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে জাহিদ হাসান শেখকে আদালতে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে থাকা মামলাগুলোতে অভিযোগের প্রকৃতি ও পরবর্তী আইনি কার্যক্রম আদালতের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস