ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর রাজনৈতিক সৌজন্যের বার্তা দিলেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে আগামী দিনের উন্নয়ন কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুলের তোড়া নিয়ে দেলাওয়ার হোসেনের বাসায় যান নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। সেখানে দুই প্রার্থী কুশল বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।
সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমিন বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামীর ঠাকুরগাঁও গড়ে তুলতে তিনি পরাজিত প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
জবাবে দেলাওয়ার হোসেনও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিভেদ না বাড়িয়ে জনস্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার পর দুই প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সদ্য সংবাদ/এসএস