আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানের পরিচিতি ‘আম তারেক’ এই সম্বোধনকে ইতিবাচকভাবেই দেখেন তাঁর স্ত্রী তামান্না ফেরদৌস শিখা। স্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ না থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এই নামে পরিচিত হওয়ায় তিনি সম্মানবোধ করেন।
শুক্রবার (৩০ অক্টোবর) জাপান সফর শেষে তারেক রহমান দেশে ফেরার পর তাঁকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তামান্না ফেরদৌস শিখা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বামীর রাজনৈতিক পরিচিতি ও তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
শিখার ভাষ্য, তারেক রহমানের বিরুদ্ধে নিয়োগ ও পদ বাণিজ্য, হোটেলে নারী নিয়ে যাওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ কিংবা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের মতো অভিযোগ নেই। রাস্তার বরাদ্দ, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও জেলা প্রশাসক নিয়োগ কিংবা নীলা মার্কেটকে ঘিরেও কোনো অনিয়মের সঙ্গে তাঁর স্বামীর সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।
এ সময় অন্য এক ব্যক্তিকে ঘিরে প্রচলিত ‘চুমু শফিক’ বিশেষণের প্রসঙ্গও টানেন তামান্না ফেরদৌস শিখা। তাঁর মতে, স্বামীর নামের সঙ্গে এমন কোনো নেতিবাচক পরিচিতি যুক্ত হয়নি।
সব মিলিয়ে ‘আম তারেক’ নামে সম্বোধনকে অসম্মানজনক নয়, বরং সম্মানের বলেই মনে করেন তিনি।
সদ্য সংবাদ/এসএস