এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বোঝাতে গিয়ে ভুলবশত ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি উচ্চারণ করেছিলেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নিজের বক্তব্যের শব্দচয়ন নিয়ে ব্যাখ্যা দিয়ে তিনি স্পষ্ট করেছেন, ওই সময় তাঁর উদ্দেশ্য ছিল ‘তৃতীয় লিঙ্গ’ শব্দটি ব্যবহার করা।
শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি পরিষ্কার করেন শিক্ষামন্ত্রী।
পোস্টে তিনি জানান, সম্প্রতি একটি অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থীর ডিগ্রি অর্জনের বিষয়টি তুলে ধরে তাদের শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছিলেন। সমাজের অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক মনোভাবের কারণে এ জনগোষ্ঠীর অনেকেই শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকেন বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষার মাধ্যমে এগিয়ে আসার বিষয়টিকে উৎসাহিত করাই ছিল তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য। তবে বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি শ্রদ্ধার কথাও উল্লেখ করেন এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ওই অনুষ্ঠানে তাঁর বক্তব্যের লক্ষ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার অধিকার, সুযোগ এবং অর্জনকে স্বীকৃতি দেওয়া ও উৎসাহিত করা।
সদ্য সংবাদ/এসএস