বেতন-ভাতা নেই, তবু ২৭ বছর ধরে মানুষের নিরাপত্তায় বেলাল

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৬ ২০:৩৪:১৭
ছবি: সংগৃহীত

৬৫ বছর বয়সেও থামেনি তাঁর ছুটে চলা। নেই কোনো নিয়োগপত্র, বেতন-ভাতা কিংবা সরকারি সুযোগ-সুবিধা। তবু মানুষের নিরাপত্তার কথা ভেবে টানা ২৭ বছর ধরে রেলগেট পাহারা দিয়ে আসছেন বেলাল হোসেন। নিজের ছোট্ট মুদি দোকান সামলানোর পাশাপাশি ট্রেন আসার খবর পেলেই ছুটে যান রেললাইনের কাছে। তাঁর এই স্বেচ্ছাশ্রমে উপকৃত হচ্ছেন লালমনিরহাট পৌরসভার খোঁচাবাড়ি মাস্টারপাড়ার বাসিন্দারা।

দিনের বেশির ভাগ সময় রেললাইনের পাশে নিজের ছোট্ট মুদি দোকানে কাটে বেলালের। তবে দূর থেকে ট্রেনের হুইসেল শুনলেই বদলে যায় তাঁর ব্যস্ততা। মুহূর্তেই দোকান ছেড়ে ছুটে যান রেলগেটের কাছে। যানবাহন ও পথচারীদের চলাচল বন্ধ করে নিশ্চিত করেন নিরাপদে ট্রেন চলাচল। ট্রেন চলে গেলে আবার ফিরে আসেন নিজের দোকানে।

এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন তিনি। দেখতে দেখতে স্বেচ্ছায় এই দায়িত্ব পালনের ২৭ বছর পার করেছেন বেলাল হোসেন।

স্থানীয়দের অভিযোগ, রেলগেটটিতে দীর্ঘদিন ধরে স্থায়ী গেটকিপার না থাকায় ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হতে হয় মানুষকে। প্রতিদিন অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন এ রেললাইন অতিক্রম করে। পাশাপাশি পায়ে হেঁটেও চলাচল করেন অনেকে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে নিজ উদ্যোগেই দায়িত্ব পালন করছেন বেলাল।

লালমনিরহাট থেকে আদিতমারী, কালীগঞ্জ ও হাতীবান্ধা হয়ে পাটগ্রামের বুড়িমারী পর্যন্ত বিস্তৃত রেলপথের গুরুত্বপূর্ণ এই অংশ দিয়ে প্রতিদিন একাধিক যাত্রীবাহী ট্রেন চলাচল করে। ট্রেন চলাচলের সময় সামান্য অসতর্কতাও ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। আর সেই ঝুঁকি এড়াতেই বছরের পর বছর সতর্ক প্রহরীর মতো রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকেন তিনি।

বেলাল হোসেন বলেন, ‘আমি কোনো বেতন বা সুযোগ-সুবিধার জন্য এই কাজ করি না। এত বছর ধরে মানুষকে নিরাপদে রেললাইন পার হতে সাহায্য করছি। ট্রেন আসার খবর পেলেই দোকান রেখে গেটে চলে যাই। যতদিন পারি, মানুষের জন্য এই কাজ করে যেতে চাই।’

পথচারী রফিকুল হক বলেন, বেলাল হোসেন দীর্ঘদিন ধরে নিজের দোকানের পাশাপাশি রেলগেটের নিরাপত্তায় কাজ করছেন। ট্রেন আসার খবর পেলেই তিনি ছুটে গিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল বন্ধ করেন। তাঁর এই উদ্যোগে অনেক মানুষ উপকৃত হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আলম বাদশা বলেন, বেলাল হোসেনের মানবিক উদ্যোগ এলাকার মানুষের কাছে প্রশংসিত। নিজের জীবিকার পাশাপাশি দীর্ঘদিন ধরে মানুষের নিরাপত্তার কথা ভেবে কাজ করছেন তিনি। তাঁর এই অবদানের যথাযথ মূল্যায়ন করা উচিত। একই সঙ্গে রেলগেটটিতে স্থায়ী গেটকিপার নিয়োগ দেওয়াও জরুরি।

তবে প্রশ্ন উঠেছে, ২৭ বছর ধরে বিনা পারিশ্রমিকে মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করা বেলাল হোসেনের অবদানের স্বীকৃতি মিলবে কবে?

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমেদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লালমনিরহাটের ওই রেলগেটে গেটকিপার নিয়োগের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের দাবি, শুধু বেলাল হোসেনের ওপর নির্ভর করে রেলগেটের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই দ্রুত স্থায়ী গেটকিপার নিয়োগের পাশাপাশি তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

৬৫ বছর বয়সেও মানুষের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বেলাল হোসেন। এলাকাবাসীর প্রত্যাশা, রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত গেটকিপার নিয়োগের পাশাপাশি এই স্বেচ্ছাসেবকের অবদানের যথাযথ মূল্যায়ন করবে।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ