ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও সড়কে নেমেছেন নারায়ণগঞ্জের পোশাকশ্রমিকেরা। তাঁদের অবরোধে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।
মঙ্গলবার বেলা তিনটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজ ছেড়ে বেরিয়ে আসেন। পরে তাঁরা শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংযোগ সড়কের দুই পাশেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন।
অবরোধের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জলকামান ও সাঁজোয়া যান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
শ্রমিকদের একই দাবিতে সোমবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটে। সেদিন বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে তাঁরা সংযোগ সড়কে অবস্থান নেন। বেলা আড়াইটার দিকে ভূঁইগড় এলাকায় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে শ্রমিকদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে বৃষ্টির কারণে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
মঙ্গলবার সকালে পঞ্চবটি বিসিক শিল্পনগরী ও সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল। শ্রমিকেরাও কাজে যোগ দিয়েছিলেন। তবে বিকেলের দিকে কাঠেরপুল এলাকায় নতুন করে অবরোধ শুরু হলে আবারও অচল হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই সড়ক।
সদ্য সংবাদ/এসএস