পবিত্র ওমরাহ পালনের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২২ কর্মকর্তা-কর্মচারী ও সদস্যকে ভিসা, বিমান টিকিট এবং বিশেষ উপহারসামগ্রী দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে এসব সামগ্রী তুলে দেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
ওমরাহ-২০২৬ পালনের উদ্দেশ্যে মনোনীতদের মধ্যে রয়েছেন ৩ জন কর্মকর্তা এবং ১৯ জন সদস্য। তাঁদের সৌদি আরব যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হওয়ার কামনায় অনুষ্ঠানে বিশেষ দোয়া করা হয়।
এ সময় মহাপরিচালক ওমরাহযাত্রীদের উদ্দেশে বলেন, জীবনের প্রাথমিক পর্যায় থেকেই ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা মানুষের নৈতিক ভিত্তি শক্তিশালী করে। হজ ও ওমরাহ পালনের জন্য তারুণ্যকে উপযুক্ত সময় উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে মানসিকতার সংস্কার জরুরি।
তিনি আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি শৃঙ্খলাপূর্ণ ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। পবিত্র ওমরাহ থেকে অর্জিত শিক্ষা যেন সদস্যদের ব্যক্তিজীবনের পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রেও কাজে লাগে, সে বিষয়ে গুরুত্ব দেন তিনি।
সফরকালে সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, পরস্পরের সহযোগিতা করা এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন মহাপরিচালক। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ সহযাত্রীদের প্রতি যত্নশীল হওয়ার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি পবিত্র ভূমিতে গিয়ে দেশ, জাতি এবং বাহিনীর শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস