জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে আলোচনা সভা এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
নির্দেশনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি রচনা প্রতিযোগিতার আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পৃথক চিঠির মাধ্যমে দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা এ ছুটির জন্য অতিরিক্ত কোনো কর্মদিবস পাচ্ছেন না।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি ঘিরে নির্ধারিত কর্মসূচি থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের সেদিন প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
সদ্য সংবাদ/এসএস