ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১১ প্লাটুন সদস্য।
মঙ্গলবার (৩ নভেম্বর) শ্রমিকদের আন্দোলনের পঞ্চম দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। পরিস্থিতি বিবেচনায় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি বাড়ানো হয়েছে।
সকাল থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি চলছে। এদিকে শ্রমিকদের বিক্ষোভ মোকাবিলায় মহাসড়কের কয়েকটি স্থানে বিএনপির নেতাকর্মীদের অবস্থান ও মহড়া দিতেও দেখা গেছে।
গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানিয়েছেন, শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ জোনগুলোতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান কর্মসূচির মধ্যে শিল্পাঞ্চলের উৎপাদন ও জননিরাপত্তা স্বাভাবিক রাখাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।
সদ্য সংবাদ/এসএস