নেত্রকোণায় মাহফিল থেকে ফেরার পথে নওমুসলিম ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন মনে করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গাড়িটি থামানোর চেষ্টা করেন। পরে তাঁরা গাড়িটির পিছু নিয়ে ধাওয়া করেন। এ সময় ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে মানুষের সাহায্য চান নোমানী।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোণা শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে নোমানীকে বলতে শোনা যায়, ‘আমাদেরকে বাঁচান, আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আমাদেরকে বাঁচান, আল্লাহ তুমি হেফাজত কর। ডাকাতে আক্রমণ করছে আমাদেরকে, আল্লাহ তুমি বাঁচাও। আমি নওমুসলিম অয়াসেফ বিল্লাহ নোমানী, আমাকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি বাঁচাও।’
নোমানীর সফরসঙ্গীদের বরাতে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আব্দুল কাইয়ুম জানান, ওয়াজ মাহফিল শেষে গভীর রাতে নোমানীসহ অন্যরা নেত্রকোণার একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে পূর্বধলায় নিজেদের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে চল্লিশা এলাকার বাইপাস সড়কে লাঠি হাতে কয়েকজন তাঁদের গাড়ি থামানোর চেষ্টা করেন। তাঁদের ডাকাত সন্দেহ করে চিৎকার করেন নোমানী। গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। পরে আরও কয়েকজন মোটরসাইকেলে গাড়িটির পিছু নিয়ে হামলা চালান।
আব্দুল কাইয়ুম বলেন, পরিস্থিতি বেগতিক দেখে নোমানী গাড়ি ঘুরিয়ে থানার দিকে রওনা দেন। তবে থানায় যাওয়ার পথেও হামলা থামেনি। হামলাকারীরা গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন। এ সময় নোমানী ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন।
তিনি আরও বলেন, থানায় পৌঁছানোর পর তাঁরা জানতে পারেন, রাস্তায় পাহারার দায়িত্বে থাকা সরকারদলীয় লোকজন তাঁদের গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন। গাড়ি না থামানোয় তাঁদের ধারণা হয়, এতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন। এই ভুল ধারণা থেকেই তাঁরা হামলা চালান।
ঘটনার বিষয়ে নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এটি ভুল বোঝাবুঝির ঘটনা। বিষয়টি সংসদ সদস্য আনোয়ারুল হককে জানানো হয়েছে। তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। এটি কোনো ডাকাতির ঘটনা নয়।
নেত্রকোণা ২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন সম্প্রতি গুপ্ত হামলা চালিয়ে জ্বালাও পোড়াও করছে। এ ছাড়া রাতে আওয়ামী লীগের লোকজন এলাকায় ঢুকে মিছিল কিংবা অগ্নিসংযোগ করতে পারে, এমন খবরও তাঁদের কাছে ছিল। এ কারণে বিভিন্ন স্থানে তাঁদের নেতাকর্মীরা পাহারায় ছিলেন।
তিনি বলেন, গাড়িটি যাওয়ার সময় তাঁদের লোকজন থামার সংকেত দিয়েছিলেন। কিন্তু চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে লোকজনের ওপর দিয়ে চালিয়ে যাচ্ছিলেন। এতে তাঁদের লোকজনের ধারণা হয়, গাড়িতে হয়তো ফ্যাসিস্টের লোকজন রয়েছেন। এ কারণে তাঁরা গাড়িটির পিছু নেন। অন্যদিকে, নোমানী ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। তিনি গাড়ি থামালে এমন পরিস্থিতি তৈরি হতো না। এ ঘটনার জন্য তাঁরা নোমানীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। এটি একটি ভুল বোঝাবুঝি ছিল।
আনোয়ারুল হক আরও বলেন, এরপরও তাঁদের কোনো নেতাকর্মী নোমানী ও তাঁর সফরসঙ্গীদের সঙ্গে অশালীন আচরণ করে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/ এরআর