নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দের আওতায় ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিতরণ শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ডহরগাঁও এলাকায় ফকির ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের মধ্যে এ চাল বিতরণ করা হয়। স্বল্পমূল্যে চাল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকেরা।
রূপগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আরিফুল হক জানান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু এবং ফকির ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদের উদ্যোগে সরকারের বিশেষ বরাদ্দের এ চালের ব্যবস্থা করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতি শুক্রবার রূপগঞ্জে কর্মরত পোশাকশ্রমিকদের মধ্যে ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিতরণ করা হবে।
এ সময় ফকির ফ্যাশন লিমিটেডের কর্মকর্তা হাবিব খান, খাদ্য বিভাগের কর্মকর্তা আব্দুল হালিম, মোমেন মিয়া, চন্দন ফকির ও মিলন ভুইঁয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চাল নিতে আসা ফকির ফ্যাশন লিমিটেডের শ্রমিক রাজিয়া আক্তার বলেন, বাজারের তুলনায় কম দামে চাল পেয়ে তাঁরা অনেক খুশি। প্রত্যেক শ্রমিককে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ধরনের বরাদ্দ নিয়মিত অব্যাহত থাকলে পোশাকশ্রমিকদের সংসারের খাদ্য ব্যয় অনেকটা কমবে।
আরেক শ্রমিক আরজু মিয়া বলেন, পোশাকশ্রমিকদের কথা বিবেচনা করে সরকার, স্থানীয় সংসদ সদস্য দিপু ভুইঁয়া এবং ফকির ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ এ উদ্যোগ নিয়েছেন। এ জন্য তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু বলেন, সরকারের কাছ থেকে পাওয়া বিশেষ বরাদ্দের আওতায় সারা বছর পোশাকশ্রমিকদের মধ্যে এ চাল বিতরণ করা হবে। কোনো শ্রমিক যেন খাদ্যের অভাবে কষ্ট না করেন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় শ্রমিকদের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্যের সময়ে স্বল্পমূল্যে চাল পাওয়ার এ উদ্যোগ তাঁদের পারিবারিক ব্যয় সামলাতে সহায়ক হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পোশাকশ্রমিকদের জন্য নিয়মিত এ কর্মসূচি চালু থাকলে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সদ্য সংবাদ/ এরআর