দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এর চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে ভালো ফল অর্জনের জন্য তিনি নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (গ্রেড ১, ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চূড়ান্ত প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ এন এম মারুফ আব্দুল্লাহ। অনুষ্ঠানে শিশুরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
প্রতিযোগিতায় জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ান্দোতে চ্যাম্পিয়ন খুলনা মহানগর পুলিশ (কেএমপি) এবং রানারআপ চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। উশুতে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি এবং রানারআপ চট্টগ্রাম রেঞ্জ। অন্যদিকে, কারাতেতে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানারআপ হয়েছে সিএমপি।
পরে আইজিপি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়।
সদ্য সংবাদ/ এরআর