চার কোটি টাকার সেতুতে নেই সংযোগ সড়ক, উঠতে হয় পাটাতন বেয়ে

ম
মো. রুহুল আমিন (সুনামগঞ্জ প্রতিনিধি)
২৭ নভেম্বর, ২০২৬ ২২:২৭:৪১
ছবি: সদ্য সংবাদ

দুই বছর মেয়াদে চার কোটি টাকা ব্যয়ে নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু কাজ শেষ করতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর। তবু শতভাগ কাজ শেষ হয়নি। নদীর ওপর সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়কে দেওয়া হয়নি মাটি। ফলে চার কোটি টাকার সেতুতে উঠতে হচ্ছে পাটাতন ও মই বেয়ে।

এমন চিত্র স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর সেতুর। আলীপুর-টেংরাটিলা এলাকায় প্রায় চার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণ করা হয়েছে সেতুটি।

এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, খাসিয়ামারা নদীর আলীপুর-টেংরাটিলা খেয়াঘাট এলাকায় ৫০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শংকর সরকার ২০২২ সালের ২ ফেব্রুয়ারি সেতুর নির্মাণকাজ শুরু করে। তবে শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালিপনার অভিযোগ ছিল এলাকাবাসীর।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের খামখেয়ালিপনায় বারবার সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ ছিল। নির্মাণকাজে দীর্ঘসূত্রতার কারণে সেতুটি এখন স্থানীয়দের উপকারের বদলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত আগস্টের শেষ দিকে সেতুর মূল কাঠামোর নির্মাণকাজ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। সংযোগ সড়ক না থাকায় সেতুর সুফল পাচ্ছেন না এলাকাবাসী। ফলে বাধ্য হয়ে স্টিলের পাটাতন ও মই বেয়ে সেতুতে ওঠানামা করতে হচ্ছে।

জানা যায়, খাসিয়ামারা নদীর এই সেতু পার হয়ে দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেংরা স্কুল অ্যান্ড কলেজ, মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চবিদ্যালয়, আলীপুর নূরানী একাডেমিসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। প্রতিদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় হাটবাজার, উপজেলা ও জেলা শহরে যাতায়াতকারী অন্তত ১০ গ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হচ্ছেন।

স্থানীয়রা জানান, খাসিয়ামারা নদীতে সেতু নির্মাণের আগে এলাকার মানুষ রশি টানা খেয়ানৌকা ব্যবহার করতেন। নৌকায় মালপত্র, বাইসাইকেল ও মোটরসাইকেল পারাপার করা হতো। কিন্তু সেতু নির্মাণের পর খেয়ানৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখন প্রায় ২০ ফুট উঁচু পাটাতনের সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে হচ্ছে। প্রায় পাঁচ বছর ধরে নির্মাণকাজ চললেও সংযোগ সড়ক তৈরি করা হয়নি।

আলীপুর গ্রামের বাসিন্দা আশিস রহমান বলেন, ‘সেতু নির্মাণের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালিপনা ছিল। প্রায় পাঁচ বছরেও সেতুর কাজ শেষ হয়নি। সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজেই আসছে না। বরং উল্টো বিড়ম্বনার কারণ হয়েছে। স্টিলের মই বেয়ে সেতুতে উঠে আবার পাটাতন দিয়ে নিচে নামতে হচ্ছে। সেতু নির্মাণের আগে রশি টানা খেয়ানৌকায় লোকজন নদী পারাপার হতেন। এখন খেয়ানৌকা বন্ধ হলেও সেতু ব্যবহার করা যাচ্ছে না।’

সিএনজিচালক ইকবাল হোসেন মিয়া বলেন, ‘খাসিয়ামারা নদীতে শেষ পর্যন্ত কয়েক কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হয়েছে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় আমরা এই সেতু দিয়ে গাড়ি পারাপার করতে পারছি না। মানুষের দুর্ভোগ কমেনি। সেতু থাকলেও যদি ব্যবহার করা না যায়, তাহলে এই সেতু নির্মাণ করে লাভ কী হলো?’

আলীপুর বাজারের ব্যবসায়ী সুমন মিয়া বলেন, ‘ঠিকাদারের উদাসীনতায় সেতুর সংযোগ সড়কের কাজ ঝুলে রয়েছে। এই সেতু দিয়ে ওঠানামা করা খুব কষ্টকর। অসুস্থ ও বয়স্ক মানুষেরা মই বেয়ে সেতুতে উঠতে ভয় পান। বাজারের মালামাল পারাপার করতে আমাদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।’

সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে ঠিকাদার শংকর সরকার বলেন, ‘বন্যাসহ নানা কারণে সেতুর নির্মাণকাজ সময়মতো শেষ করা সম্ভব হয়নি। সেতুর কাজ শেষ হয়েছে, এখন শুধু দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাটের কাজ বাকি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই মাটির কাজ শেষ করা হবে।’

এলজিইডির দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, ‘খাসিয়ামারা নদীটি খুব খরস্রোতা। প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে সময়মতো সেতুর কাজ শেষ হয়নি। পরে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। এখন সেতুর মূল কাজ শেষ, শুধু সংযোগ সড়কের কাজ বাকি। কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। আশা করি, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে সেতুর সব কাজ শেষ হবে।’​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম সদ্য. শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম সদ্য. ১১২ জন কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী