রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের হেফাজত থেকে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে উত্তম কুমার মল্লিক (৫৯), মো. আনোয়ার হোসেন (৩৮) ও সিদুল দাশ (৩৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. খাইরুল ইসলাম (৩৪) এবং বেসামাল অবস্থায় রুপদা চাকমা (৫৬) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জসিম (৩২) ও মো. আশিককে (২২) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
সদ্য সংবাদ/ এরআর