আলোচিত চিত্রনায়ক এম এ জলিল অনন্তের (অনন্ত জলিল) নামে বেসরকারি খাতের দুটি ব্যাংকে প্রায় ৪০৭ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ উঠেছে। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) পাওনা ২৬৭ কোটি টাকার বিপরীতে দেওয়া ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক ডিজঅনার হওয়ায় আইনি নোটিশ পাঠিয়েছে ব্যাংকটি। সম্প্রতি অনন্ত জলিল ও তাঁর স্ত্রী খাদিজা পারভীন বর্ষাকে এ নোটিশ দেওয়া হয়। এমটিবির পান্থপথ শাখার পক্ষে ব্যাংকটির প্যানেল আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু নোটিশটি পাঠান।
ব্যাংক সূত্রে জানা গেছে, নোটিশের একটি অনুলিপি অনন্ত জলিলের রাজধানীর মোহাম্মদপুরের বাসা এবং সাভারের কারখানার ঠিকানায় পাঠানো হয়েছে। এ ছাড়া গত ৫ নভেম্বর একটি জাতীয় দৈনিকে নোটিশটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবি অ্যাপারেলসের চেয়ারম্যান অনন্ত জলিল ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা পারভীন ফোনে এবং সরাসরি একাধিকবার বকেয়া টাকা দ্রুত পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। তবে তাঁরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি।
এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, ঋণটি খেলাপি হয়ে যাওয়ায় তা আদায়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনন্ত জলিল কারখানা বিক্রি করে ব্যাংকের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। এ জন্য কয়েকজন সম্ভাব্য ক্রেতার সঙ্গে কথা বলার বিষয়টিও ব্যাংককে জানিয়েছেন তিনি।
এমটিবির নোটিশে উল্লেখ করা হয়, কিস্তিতে ঋণ পরিশোধের শর্তে ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি ২২ লাখ টাকার ঋণ পুনঃতফসিল করে ব্যাংকটি। তবে পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠানটি কিস্তির টাকা পরিশোধ করেনি।
ঋণের আংশিক টাকা পরিশোধের জন্য গত ১৮ অক্টোবর ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। গত ২ নভেম্বর ব্যাংকের বগুড়া শাখার মাধ্যমে চেকটি প্রতিষ্ঠানটির হিসাবে জমা দেওয়া হলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় ওই দিনই চেক রিটার্ন মেমো ইস্যু করে ব্যাংক।
নোটিশে পাওয়ার ৩০ দিনের মধ্যে পুরো টাকা পরিশোধ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে আদালতে মামলা করাসহ অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। এসব পদক্ষেপের যাবতীয় খরচও তাঁদের বহন করতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে সন্ধ্যা ৭টায় অনন্ত জলিলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে মার্কেন্টাইল ব্যাংকের পাওনা প্রায় ১৪০ কোটি টাকা আদায়েও আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে সাভারে অবস্থিত কারখানা বিক্রি করে ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন অনন্ত জলিল—এমন তথ্যও জানা গেছে।
মার্কেন্টাইল ব্যাংকের এক কর্মকর্তা জানান, অনন্ত জলিলের কাছে সুদসহ তাঁদের পাওনা প্রায় ১৪০ কোটি টাকা। এ ঋণ আদায়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সদ্য সংবাদ/ এআর