বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোপনে ও অন্ধকারে ভাড়াটে লোক দিয়ে কয়েক টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা সম্ভব নয়।
তিনি বলেন, যিনি শিশু, শিক্ষার্থী ও শ্রমিক হত্যা করেছেন, তাঁকেও ফিরিয়ে আনা যাবে না। বর্তমানের অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিক্ষোভ মিছিলের আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, পুলিশ, র্যাব ও বিজিবি দিয়ে বৃষ্টির মতো গুলি চালিয়েও এ দেশের মানুষকে ভয় দেখানো যায়নি। মানুষ বুলেটের সামনে বুক পেতে দিয়ে এবং মৃত্যুকে আলিঙ্গন করে বর্বর ফ্যাসিবাদকে প্রতিহত করেছে।
সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যে ছিল, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘সিকিম নয় ভুটান নয়, এটা মোদের বাংলাদেশ’ এবং ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’।
বিকেল সাড়ে ৪টার পর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। পরে বাংলামোটর এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
সদ্য সংবাদ/ এআর