আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি ঢালছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যরা পরিকল্পিতভাবে অসহিষ্ণু আচরণ করছেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে জামায়াত ও এনসিপি।
তিনি আরও লেখেন, ড. মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধী দল জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে নিয়মিত পরিকল্পিতভাবে অশোভন আচরণ করছে, যা অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ৯০ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের আচরণেও এর প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাশেদ খাঁন বলেন, একদিকে বিএনপি সরকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর, অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো নয়। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ আগুন দিচ্ছে, আর জামায়াত-এনসিপি তাতে ঘি ঢেলে নাশকতার দায় সরকারের ওপর চাপিয়ে ব্যর্থতার প্রচার চালিয়ে সেটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লেখেন, আওয়ামী লীগের দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধী দল রাজপথে থাকবে—এমন কথা তারা একবারও বলছে না। বরং সরকার দুর্বল হলে ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হবে—এমন আশায় তারা আওয়ামী লীগকে অগ্নিসন্ত্রাস চালিয়ে যেতে দিতে চায়। এ প্রসঙ্গে জামায়াত জাতীয় পার্টির মতো ফাঁদে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন অভিযোগ করেন, গোপন বৈঠক ফাঁস হওয়ার আশঙ্কায় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে বিরোধী দল। তবে আওয়ামী লীগ ও জামায়াতের কথিত যৌথ ফ্যাসিবাদী মিশন কখনো সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
সদ্য সংবাদ/ এআর