ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগের পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ইতালির পুলিশের ভূমিকা, নিরাপত্তা এবং ঘটনাটি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী।
বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাঁধন বলেন, যারা তার ওপর হামলা করেছেন, তারা নিজেদেরই বিপদ ডেকে আনছেন। তার ভাষ্য, তার গায়ে হাত তোলা হয়েছে এবং এ ধরনের বর্বরতা বন্ধ হওয়া প্রয়োজন।
অভিনেত্রী বলেন, বিদেশের মাটিতে এ ধরনের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। যারা দলকে ভালোবাসেন, তাদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বাঁধন আরও বলেন, হামলাকারীদের পরিবারের সদস্যরাও এ ধরনের ঘটনায় কষ্ট পাবেন। অন্যদিকে দলের নেতারা নিজেদের মতো করে নিরাপদে থাকলেও কর্মীদের এমন কর্মকাণ্ডের দায় নিতে নাও পারেন বলে মন্তব্য করেন তিনি।
ইতালিতে ঘটনার পর পাওয়া নিরাপত্তার বিষয়ে বাঁধন জানান, তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেখানে অবস্থানের সময় স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতাও পেয়েছেন বলে জানান তিনি।
ভেনিসে কী ঘটেছিল
এর আগে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি যাওয়ার পর বাঁধন হামলা ও হয়রানির অভিযোগ তোলেন। তার অভিযোগ, ৭ সেপ্টেম্বর রাতে মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানের সময় একদল প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে হেনস্তা ও হামলা চালায়।
ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ওই সময় বাঁধনের দিকে পানি ও কোমল পানীয় ছোড়া হয়। তাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগও করেন অভিনেত্রী।
ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনের সঙ্গে বাঁধনের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন তিনি। পরে ইতালির পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে।
ঘটনার পর বাঁধনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ও ইতালিতে আলোচনা শুরু হয়। তাকে আইনি ও অন্যান্য সহায়তা দেওয়ার কথা জানায় ইতালিতে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেট। পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও উদ্বেগ জানানো হয় এবং ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি তোলার কথা জানানো হয়েছিল।
ঘটনার পর নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে বাঁধন বলেছিলেন, তিনি ঘটনার শেষ দেখে ছাড়বেন।
চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
বাঁধন ইতালিতে গিয়েছিলেন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে। চলচ্চিত্রটির প্রদর্শনী ঘিরে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নেন তিনি।
সিনেমাটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করেছে। চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পাশাপাশি সেখানে ঘটে যাওয়া হামলার অভিযোগের কারণে আন্তর্জাতিক পরিসরেও আলোচনায় আসেন এই অভিনেত্রী।
সদ্য সংবাদ/এসকে