সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি নাচের ভিডিও প্রকাশের পর আবারও আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। জন্মদিনের অনুষ্ঠানে ধারণ করা ভিডিওটিতে এক ব্যক্তির সঙ্গে গানের তালে নাচতে দেখা যায় তাকে। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন এই অভিনেত্রী।
গত ২৪ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছিলেন পরীমণি। প্রতিবছরের মতো এবারও ঘনিষ্ঠজন ও অতিথিদের নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। সেখানে নাচ-গানের পাশাপাশি নতুন সিনেমার ঘোষণাও দেন অভিনেত্রী।
ভিডিওর সঙ্গে পরীমণি লিখেছেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ প্রকাশের পরপরই ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার নাচের প্রশংসা করেছেন, আবার কেউ মজার মন্তব্যে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন।
এক ভক্ত মন্তব্য করেন, পরীমণির নাচ দেখলে তার হৃদস্পন্দন বেড়ে যায়। আরেকজন জানান, দিন দিন অভিনেত্রীর প্রতি তার মুগ্ধতা বাড়ছে। এর আগে জন্মদিনের একটি আয়োজনে লুঙ্গি পরে নাচার কারণেও আলোচনায় এসেছিলেন পরীমণি। নতুন ভিডিও প্রকাশের পর সেই ঘটনাটিও আবার সামনে এনেছেন অনেকে।
এবারের ভিডিওতে অভিনেত্রীর সঙ্গে যাকে নাচতে দেখা গেছে, তিনি গোলাম হোসেন কিবরিয়া। পেশায় ড্যান্স কোরিওগ্রাফার কিবরিয়ার নিজের একটি ড্যান্স প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি তিনি একটি ফ্যাশন হাউস পরিচালনা করেন। পরীমণির সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় রয়েছে এবং বিভিন্ন আয়োজনে তাদের একসঙ্গে দেখা গেছে।
এদিকে জন্মদিনের অনুষ্ঠানেই নতুন সিনেমার খবর দিয়েছেন পরীমণি। তারেক রহমান পরিচালিত সিনেমাটির নাম ‘ফারজানা’। ছবিটির শুটিংয়ের কাজ অনেকটাই এগিয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস