জীবন-মৃত্যুর কঠিন লড়াই পেরিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার, রেডিওথেরাপি, লাইফ সাপোর্টসহ নানা জটিল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। চিকিৎসার এক পর্যায়ে ভারতের চেন্নাইয়ের এক চিকিৎসক তার আয়ু আর সাড়ে চার থেকে পাঁচ বছর হতে পারে বলে জানিয়েছিলেন। এমন দুঃসংবাদে ভেঙে পড়লেও জীবনের প্রতি আশা হারাননি এই অভিনেত্রী।
দীর্ঘ প্রায় ১০ মাস অভিনয় থেকে দূরে থাকার পর সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন তানিয়া। তার কাছে এই প্রত্যাবর্তন শুধু কাজে ফেরা নয়, বরং অসুস্থতার অন্ধকার সময় পেরিয়ে নতুন করে জীবন শুরু করার অনুভূতি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অসুস্থতা ও চিকিৎসার অভিজ্ঞতা জানিয়ে তানিয়া বলেন, সৃষ্টিকর্তার রহমতে এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করতে পারছেন, হালকা ব্যায়াম করছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
তবে সুস্থতার পথে তার লড়াই এখনো শেষ হয়নি। অস্ত্রোপচারের পর মাথার ডান পাশের সমস্যার কারণে বাঁ দিকে কাত হয়ে ঘুমাতে কষ্ট হতো। শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা ও বমির মতো সমস্যাও মোকাবিলা করতে হয়েছে তাকে। রেডিওথেরাপির ধকল কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন অভিনেত্রী।
ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফিরেছেন তানিয়া। এতে ‘সুমি’ চরিত্রে দেখা যাবে তাকে। পারিবারিক সম্পত্তি ও অর্থনৈতিক লেনদেন নিয়ে বিরোধের গল্পে বাবার মৃত্যুর পর চাচার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তার চরিত্র।
দীর্ঘদিন শুটিংয়ের বাইরে থাকায় ক্যামেরা, সহশিল্পী ও শুটিং ইউনিটের পরিবেশকে খুব মনে পড়ছিল তার। প্রথম দিনের কাজে ফিরে পরিচালনা, চিত্রগ্রহণ ও প্রযোজনা দলের কাছ থেকে বিশেষ সহযোগিতাও পেয়েছেন। তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় রেখে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
চিকিৎসা চলমান থাকায় শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। চিকিৎসকরা শুরুতে তাকে কাজে ফেরার অনুমতি দিতে চাননি। কারণ, এখনো তার কেমোথেরাপি চলছে। কাজের চাপ থেকে নতুন কোনো শারীরিক জটিলতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা ছিল। তবে দীর্ঘদিন ঘরে বন্দি থাকার কারণে মানসিকভাবে অস্বস্তিতে থাকা তানিয়া অনুরোধ করে একটি নাটকে কাজের অনুমতি নেন।
এখনো তার দুই মাসের কেমোথেরাপি বাকি রয়েছে। চিকিৎসা শেষ হলে এমআরআই ও সিটি স্ক্যানের মাধ্যমে মস্তিষ্কের টিউমারের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। পুরোপুরি সুস্থ হয়ে আবার নিয়মিত কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
সদ্য সংবাদ/এসএস