সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ভারী বৃষ্টির মধ্যেও ওমরাহ পালন ও ইবাদত-বন্দেগিতে সময় কাটিয়েছেন মুসল্লিরা। সোমবার (২৬ অক্টোবর) মসজিদুল হারামে বৃষ্টির মধ্যে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে দেখা যায় তাদের।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত ছবিতে বৃষ্টির মধ্যেও মুসল্লিদের ইবাদত অব্যাহত রাখার দৃশ্য উঠে এসেছে। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরবরাহ করা ছবি প্রকাশ করে সংস্থাটি।
এদিকে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা নিয়ে আগেই সতর্কতা জারি করেছিল দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। মক্কাসহ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কায় ১৯ অক্টোবর সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট ঘোষণা করা হয়। ওই সতর্কতায় দমকা হাওয়া, দৃশ্যমানতা হ্রাস, শিলাবৃষ্টি, বজ্রঝড় এবং আকস্মিক বন্যার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছিল।
এর আগে ১৪ অক্টোবর মক্কা, জাজান ও আল-বাহার কয়েকটি এলাকায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়। আবহাওয়া পরিস্থিতির কারণে এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রঝড়ের আশঙ্কার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।
বৃষ্টিপ্রবণ এলাকায় চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে আকস্মিক বন্যা ও ঝোড়ো হাওয়ার ঝুঁকি থাকায় স্থানীয় সতর্কবার্তার প্রতি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।
মসজিদুল হারামে বৃষ্টির মধ্যে মুসল্লিদের ওমরাহ পালন ও ইবাদতের দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সদ্য সংবাদ/এসএস