ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে জেলার ১৮৫টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ২ হাজার ৫০০ সদস্যকে নিয়ে হাজিরা প্যারেড ও নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আনসার ও ভিডিপির আয়োজনে এ কর্মসূচি হয়। এতে বাহিনীর ৮০ জন ব্যাটালিয়ন সদস্যসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।
সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে সদস্যদের নির্দেশনা দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। এ ছাড়া রংপুর রেঞ্জের সিনিয়র পরিচালক সফিকুল আলম, ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নজরুল ইসলাম ভূঞা, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা, সততা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। কোনো ধরনের রাজনৈতিক চাপ কিংবা প্রলোভনে প্রভাবিত না হয়ে বাহিনীর নিয়ম মেনে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয় সদস্যদের।
প্রধান অতিথি মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশনা অনুসরণ করে দায়িত্ব পালন এবং কোনো অবস্থাতেই দায়িত্বস্থল ছেড়ে না যাওয়ার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে অনিয়ম, জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাই কিংবা যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় সদস্যদের সজাগ থাকতে হবে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বাহিনীর কর্মকর্তারা জানান, নির্বাচন সামনে রেখে দীর্ঘদিন ধরে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন তারা।
সদ্য সংবাদ/এসএস