জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানের মধ্যে নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে দেওয়া আবেদনে দুদক জানায়, আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং কানাডায় অর্থ পাচারের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। এ বিষয়ে তদন্তের জন্য দুদকের পক্ষ থেকে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, অভিযোগ সংশ্লিষ্ট আরশাদ উল্লাহ ও রেবেকা আক্তার দেশ ছেড়ে যেতে পারেন। তারা বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে অনুসন্ধান সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে দুজনের বিদেশযাত্রা সাময়িকভাবে বন্ধ রাখার প্রয়োজনীয়তার কথা আদালতের কাছে তুলে ধরে দুদক।
শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
সদ্য সংবাদ/এসকে