প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আপাতত নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফরের সময়সূচি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই তা জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তার কাছে বর্তমানে কোনো নতুন আপডেট নেই। কোনো দেশে প্রধানমন্ত্রীর সফর নির্ধারিত হলে সংশ্লিষ্ট দপ্তর থেকেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান। চলতি মাসে সম্ভাব্য এই সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও সফরের আগে একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
ঢাকার পক্ষ থেকে ভারতকে কয়েকটি বিষয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তন চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টিও রয়েছে। পাশাপাশি ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের প্রত্যর্পণের বিষয়েও ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর সফর নিয়ে বাংলাদেশ যে বার্তা ভারতকে দিয়েছে, সেটির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। ফলে সফরের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা সময়সূচি সামনে আসেনি।
এদিকে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্ব। এতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
তবে ব্রিকসের ওই আমন্ত্রণপত্রে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে বিমসটেকের চেয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ঢাকার পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নতুন কোনো অগ্রগতি জানানো হয়নি। সফরের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দুই দেশের পারস্পরিক আলোচনা ও অনুকূল পরিবেশ তৈরির ওপর নির্ভর করছে।
সদ্য সংবাদ/এসএস