রাষ্ট্রপতি নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, ভোটগ্রহণ ও ভোট গণনার পুরো প্রক্রিয়ায় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদ সদস্যদের সহযোগিতাও কামনা করেন তিনি।
নির্বাচনী কর্তা হিসেবে দেওয়া বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন বলেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট দেওয়ার পদ্ধতি তুলে ধরে সিইসি জানান, প্রতিটি ব্যালটের মুড়িতে প্রার্থীর নাম উল্লেখ থাকবে। ভোটার সংসদ সদস্যরা স্বাক্ষরের মাধ্যমে ব্যালট সংগ্রহ করবেন। ব্যালট হাতে পাওয়ার পর সেটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম সঠিকভাবে রয়েছে কি না, তা যাচাই করে নিতে হবে।
ভোটগ্রহণ শেষ হলে সংসদেই ব্যালট পেপার গণনা করা হবে। গণনা শেষে যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, তার নাম তাৎক্ষণিকভাবে জাতীয় সংসদে জানিয়ে দেওয়া হবে বলে জানান সিইসি।
তিনি রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সদ্য সংবাদ/এসএস